দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাশেকুর রহমান লিটন ভূঁইয়া (৪৪) নামে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাশেকুর রহমান লিটন ভূঁইয়া বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ছোট ভূঁইয়া বাড়ির বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই ছেলের জনক। পাশাপাশি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে বেলাব উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে আর্থিক প্রণোদনা ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে অংশ নেন মাশেকুর রহমান লিটনও। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে নরসিংদীর বাসায় ফেরার পথে নোয়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত লিটনকে স্থানীয়রা উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, ‘লিটন রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ও জনপ্রিয় ছিলেন। মন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তিনি খুবই ভালো মানুষ ছিলেন।’
নিহতের খালু বাচ্চু মিয়া বলেন, ‘মন্ত্রীর অনুষ্ঠানে যাবে বলে বাসা থেকে বের হয়েছিল। অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেল। তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।’
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস/